সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ, ভাঙল গার্ড রুমের কাচ

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গার্ড রুমের কাচ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেতু ভবনের গার্ড রুমের সামনে একটি ককটেল নিক্ষেপ করে। এতে সেটি বিস্ফোরিত হয়।
খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ সময় সেখানে আরও একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান বনানী থানার ওসি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










