‘কনসার্ট ফর সলিডারিটি’
এক মঞ্চে সাত ব্যান্ড, সংগীতপ্রেমীদের পদচারণায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে সংগীতপ্রেমীদের মিলনমেলা বসেছে। দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের পরিবেশনা উপভোগ করতে সেখানে জড়ো হয়েছেন হাজারো দর্শক। তরুণদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে কনসার্টস্থল।
শনিবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।
এদিন দুপুর থেকেই কনসার্ট ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দেখা যায়। তবে বিকালের পর বাড়তে থাকে মানুষের উপস্থিতি। বিএনপির শোভাযাত্রা শেষে কনসার্টস্থলে দর্শকদের ভিড় আরও বাড়ে। কেউ বন্ধুদের সঙ্গে, কেউ পরিবারের সদস্যদের নিয়ে প্রিয় ব্যান্ডের গান শুনতে এসেছেন।
কনসার্টে সংগীত পরিবেশন করছে দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড—নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। বিকেল চারটায় শুরু হওয়া এই আয়োজন চলার কথা প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
কনসার্ট দেখতে আসা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা মিফতাহুল জান্নাত বলেন, ‘একই মঞ্চে দেশের এতগুলো জনপ্রিয় ব্যান্ডের গান শোনার সুযোগ সত্যিই আনন্দের। বিশেষ করে জেমস ও মাইলসের গান সরাসরি শোনার অপেক্ষায় আছি। বন্ধুদের সঙ্গে এসে বেশ ভালো লাগছে।’
মাহি সিয়াম নামের আরেক দর্শক বলেন, বাংলাদেশের ব্যান্ড সংগীতের প্রতি তরুণদের আগ্রহ বরাবরই বেশি। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশীয় ব্যান্ড সংগীতের সঙ্গে আরও পরিচিত করবে। প্রিয় ব্যান্ডের পরিবেশনা সরাসরি উপভোগ করতে পারার আনন্দ অন্য রকম।
কনসার্টে আসা মহিয়া বলেন, ওয়ারফেজ ও আর্টসেলের গান তাঁর খুব ভালো লাগে। এ ধরনের উন্মুক্ত আয়োজন আরও হওয়া উচিত।
এদিকে কনসার্ট ঘিরে অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












