নিহত সেনাসদস্য তিতাসের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কবর জিয়ারত করে শ্রদ্ধা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৭
অ- অ+

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। এ সময় তিনি নিহত সেনাসদস্যের কবর জিয়ারত করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে তিতাস শেখের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে তিনি নিহতের বাবা, পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলেন। তাঁদের সান্ত্বনা দেন এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে তিতাস শেখ নিজের জীবন উৎসর্গ করেছেন। তাঁর এই আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত বাবা, পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহর কাছে শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন সেনাসদস্য তিতাস শেখ। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫ থেকে ১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।

যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা গুলি ছুড়তে শুরু করে। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় তৈরি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, যৌথভাবে পাহাড়ে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তিতাস শেখ নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আফজাল শেখ। শুক্রবার বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টরের করে তাঁর লাশ নগরকান্দায় আনায়। সন্ধ্যায় জানাজা শেষে নানির করবের পাশে তাঁকে দাফন করা হয়।

(ঢাকা টাইমস/৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ৩৫ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা
শ্রীপুরে অবহেলায় নষ্ট হচ্ছে পৌরসভার কোটি টাকার রোড রোলার-এক্সকাভেটর
২১ বছর পর রাজপথে, ৭ কিলোমিটার হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আর্মি স্টেডিয়ামে বিএনসিসি ও স্কাউটসদের বর্ণাঢ্য ডিসপ্লে