শিক্ষানবিশ চালকদের জন্য নতুন নির্দেশনা দিল বিআরটিএ

শিক্ষানবিশ লাইসেন্সধারী চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এখন থেকে বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা রাস্তায় মোটরযান চালাতে পারবেন না। পাশাপাশি গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক নির্দেশনায় এসব কথা জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ চিহ্ন থাকতে হবে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে যারা গাড়ি চালানো শেখেন, তারাই শিক্ষানবিশ চালক বা লার্নার হিসেবে পরিচিত।
মোটরযান অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষানবিশ চালক রাস্তায় গাড়ি নিয়ে বের হলে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ (লার্নার) চিহ্ন লিখে রাখতে হয় অথবা এ চিহ্নসংবলিত বোর্ড ঝুলিয়ে রাখতে হয়।
মূলত অন্য যানবাহনের চালকদের সতর্ক করতেই এ ব্যবস্থা। দূর থেকে ‘L’ চিহ্ন দেখে অন্য চালকরা বুঝতে পারবেন, গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। ফলে তাঁরা প্রয়োজনীয় দূরত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে চলাচল করতে পারবেন।
(ঢাকাটাইমস/০৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










