শিরোনাম :

সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:২৬| আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৫:২৮
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা এবং বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ৯ নভেম্বর রবিবার রাত ১২টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদের ৮ম অধিবেশন চলাকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলো হলো:

• ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত।

• বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত।

• পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।

• মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে আসাদগেট পর্যন্ত।

• খামারবাড়ি থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জাতীয় সংসদ ভবনের সম্পূর্ণ সংরক্ষিত এলাকা ও এর সীমানার মধ্যে অবস্থিত সকল সড়ক ও গলিপথ।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময় থেকে এসব এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, তলোয়ার, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা অন্য কোনো ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ত্রয়োদশ সংসদের এই অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপরোক্ত নির্দেশনাসমূহ বলবৎ থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জে ট্রিপল মাডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন
বাগেরহাটে মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
আর্টিলারি রেজিমেন্টের বাৎসরিক সম্মেলন ও সুবর্ণজয়ন্তী সম্পন্ন: আধুনিক প্রযুক্তির ব্যবহারে সেনাপ্রধানের তাগিদ
বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ: নাহিদ ইসলাম