সিটি হাসপাতালে হামলা ও লুটপাট: ছাত্রদল নেতা সালাম দল থেকে বহিষ্কার

রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত সিটি হাসপাতালে ঢুকে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সালামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীনস্থ সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সালামের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট ও গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সাংগঠনিক পদ ও দল থেকে বহিষ্কার করা হলো।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে আব্দুর সালামের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন যুবকের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সিটি হাসপাতালে প্রবেশ করে। তারা শুরুতেই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) খুঁজতে থাকে। তাকে না পেয়ে হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয় এবং এক কর্মীকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে হামলাকারীরা পুরো হাসপাতালে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই হামলায় তাদের প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল ও চিকিৎসাসামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলার ঘটনার কিছু আগে এক নারী রোগী ওই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসা শেষে বিল পরিশোধের সময় রোগীর স্বজনরা কিছু ছাড় (ডিসকাউন্ট) চান। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনুরোধে বিলে ছাড় দেয় এবং স্বজনরা বিল পরিশোধ করে হাসপাতাল ত্যাগ করেন। কিন্তু তারা চলে যাওয়ার মাত্র ১০ মিনিটের মাথায় ছাত্রদল নেতা সালামের নেতৃত্বে বহিরাগত যুবকরা হাসপাতালে ঢুকে এই তাণ্ডব চালায়।
এই বর্বরোচিত হামলার ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












