সরকারের প্ল্যান দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মজিবুর রহমান মঞ্জু

ক্ষমতায় এসে জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, সরকারের প্ল্যান এখন দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো এবং জনগণকে দুর্ভোগে ফেলা।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘তারা বলেছিল, তাদের একটি পরিকল্পনা আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো এবং জনগণকে দুর্ভোগে ফেলা।’
তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার পাশাপাশি বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। এতে সাধারণ মানুষের মধ্যে দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়ছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঞ্জু বলেন, গত ৫৪ বছর ধরে দেশে গতানুগতিক রাজনীতি চলছে। এত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা এবং মানুষের জীবনমানের উন্নয়ন। কিন্তু এত আয়োজনের পরও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা যাচ্ছে না।
রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক পরিচয় ও বোঝাপড়ার অভাবে সামান্য বিষয়েও অবিশ্বাস ও দূরত্ব তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মঞ্জু বলেন, মানুষ তখনই রাজনীতিতে সাড়া দেয়, যখন নিজের স্বার্থ ও অধিকারকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত দেখতে পায়। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে স্বেচ্ছাসেবক পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে কী করা সম্ভব, সেই স্বপ্ন ও সম্ভাবনার কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।
আওয়ামী লীগ ও বিএনপির প্রতিশ্রুতি নিয়ে সমালোচনা করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ নানা আশ্বাস দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপিও এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। রাজনীতি হতে হবে না প্রতিশ্রুতির ফুলঝুরি; বরং জনগণের বাস্তব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর। সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব তোফাজ্জল হোসাইন রমিজ।
সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













