ধানমন্ডিতে ১৪ তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধানমন্ডিতে ১৪ তলা একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার বিকালে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত ডিউটি অফিসার এ তথ্য জানিয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট বিকেল ৩টা ৪২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে আরও দু’টি ইউনিট পাঠানো হলেও প্রয়োজন না হওয়ায় সেগুলো ফেরত পাঠানো হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












