পোশাকশ্রমিকদের আন্দোলনে নাশকতার নেপথ্যে কারা, তদন্তে উঠে এলো যাদের নাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে নাশকতার পরিকল্পনা ও অর্থায়নের অভিযোগ পেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লাহ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম এ অর্থের জোগান ও নির্দেশনা দিচ্ছেন।

পুলিশের দাবি, ঢাকায় তাদের হয়ে লোক সংগ্রহ ও আন্দোলন সমন্বয়ের দায়িত্ব পালন করছিলেন ইলিয়াস মোল্লাহর ভাগ্নে আলিফ মোল্লাহ এবং জাহাঙ্গীর আলমের সহযোগী মাহবুবুর রহমান জুয়েল।

ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, শ্রমিকদের আন্দোলনে অংশ নেওয়া, মিছিল করা, টায়ারে আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য কাজভেদে আলাদা অঙ্কের টাকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও পাঠানোর পর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার কথা ছিল।

গত রোববার মিরপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন যাচাই করে এসব তথ্য পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

কাজভেদে ৫০০ থেকে ১০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা

ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মিছিলে অংশ নিলে ৫০০ থেকে ১ হাজার টাকা, টায়ারে আগুন দিলে ৩ হাজার টাকা এবং গাড়ি বা কোনো স্থাপনায় আগুন দিলে ৫ হাজার থেকে ১০ হাজার টাকা দেওয়ার পরিকল্পনা ছিল। কোথাও কোথাও গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য ৬ থেকে ১০ হাজার টাকা দেওয়ার তথ্যও পেয়েছেন কর্মকর্তারা।

কাজের প্রমাণ হিসেবে ছবি ও ভিডিও পাঠানো ছিল টাকা পাওয়ার অন্যতম শর্ত। কয়েকজন গ্রেপ্তার ব্যক্তি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেয়েছেন বলেও দাবি ডিবির।

গোয়েন্দা সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনে বিভিন্ন নামে ২০ থেকে ২৫টি হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অনলাইন গ্রুপের সন্ধান পাওয়া গেছে। এসব গ্রুপে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা নিজেদের অবস্থান, ছবি ও ভিডিও পাঠাতেন। গ্রেপ্তার ব্যক্তিদের ফোনে অগ্নিসংযোগের ভিডিও ফুটেজও পাওয়া গেছে বলে দাবি পুলিশের।

মাঠপর্যায়ে সমন্বয়ের অভিযোগ আলিফ ও জুয়েলের বিরুদ্ধে

ডিবির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিদেশ থেকে অনলাইন গ্রুপের মাধ্যমে নির্দেশনা দিতেন ইলিয়াস মোল্লাহ, এস এম মান্নান কচি ও জাহাঙ্গীর আলম। ঢাকায় লোকবল সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছিলেন আলিফ মোল্লাহ ও মাহবুবুর রহমান জুয়েল।

জুয়েল দীর্ঘদিন জাহাঙ্গীর আলমের সহকারী হিসেবে কাজ করেছেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার গ্রামের বাড়ি নোয়াখালী। অন্যদিকে ইলিয়াস মোল্লাহর ভাগ্নে আলিফকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ডিবি।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শুভ এবং মিরপুরের রূপনগর আওয়ামী লীগের সদস্য কামাল গাজীর নামও তদন্তে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ১১ জন হলেন মাহবুবুর রহমান জুয়েল (৩৮), মো. কামাল গাজী (৩২), মো. ওলীউল্লাহ অনিক (২০), আলিফ হোসেন ইমন (২৬), মো. নাহিদ হাসান (১৮), আরিফ আকন্দ (২৯), মো. রমজান সরকার (১৮), মোয়াজ্জেম শাহরিয়ার ওরফে নিয়াজ (২৬), জুবায়ের ইসলাম জিসান (২২), আরিফ (১৮) ও মাহিম মোল্লা (১৮)।

১০০ থেকে ১৫০ জনকে সংগঠিত করার দাবি

নাম প্রকাশ না করার শর্তে ডিবির মিরপুর বিভাগের এক কর্মকর্তা জানান, শ্রমিকদের আন্দোলনে যোগ দিয়ে নাশকতার উদ্দেশ্যে অন্তত ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীকে জড়ো করা হয়েছিল। তাদের মধ্যে কক্সবাজার, নোয়াখালী ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

ওই কর্মকর্তার ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর অনেকে নিজ এলাকা ছেড়ে ঢাকার বিভিন্ন এলাকায় শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করছেন। তারা শ্রমিকের ছদ্মবেশে মিরপুর ২, ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অনলাইন গ্রুপের নির্দেশনায় নির্দিষ্ট স্থানে জড়ো হতেন।

পুলিশের তৎপরতা বুঝে তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার নির্দেশনা দেওয়া হতো বলেও দাবি করেন ওই কর্মকর্তা।

ডিবি সূত্র জানায়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এসব ব্যক্তির কাছে টাকা পাঠানো হতো। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ব্যাংকিং হিসাবে আসা অর্থের উৎস যাচাই করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও ঢাকা মহানগর পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ভিডিও পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় থাকার অভিযোগ আরিফের বিরুদ্ধে

ডিবির তদন্তে আরিফ আকন্দ (২৯) নামে এক ব্যক্তির নাম এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি যুবলীগ ও মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয় সদস্য।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, ‘মেরিল্যান্ড আওয়ামী লীগ’, ‘সবুজ বাংলা চেতনা মুক্তিযুদ্ধ ৭১’, ‘স্পিরিট ৭১’, ‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রত্যাশা’, ‘বঙ্গবন্ধু আদর্শ গেরিলা ৭১’, ‘সংগঠন ৭১’, ‘ঢাকা জেলা গেরিলা ৭১’ ও ‘ঢাকা বিভাগ গেরিলা ৭১’সহ বিভিন্ন গ্রুপে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে দাবি গোয়েন্দাদের।

পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আলিফের নির্দেশনার দাবি

পুলিশের দাবি, গত রোববার মিরপুর ১০ নম্বরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় অনলাইন গ্রুপে বার্তা পাঠান ইলিয়াস মোল্লাহর ভাগ্নে আলিফ মোল্লাহ। তিনি নেতাকর্মীদের মিরপুর ২ নম্বরের লাভ রোডে জড়ো হওয়ার নির্দেশ দেন। পরে সেখান থেকে তাদের মিরপুর ১১ নম্বর মেট্রো স্টেশনের নিচে পাঠানো হয়।

পুলিশ সংঘর্ষ সামাল দিতে ব্যস্ত থাকার সুযোগে সেখানে পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে ওই ঘটনার ছবি ও ভিডিও আলিফের কাছে পাঠানো হয়েছিল বলে দাবি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের। গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনে এ-সংক্রান্ত তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছেন তারা।

ফেসবুকে পোস্ট দিয়ে গ্রেপ্তার রাজিব

মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজিব প্যারাগন গ্রুপের ম্যানেজার হিসেবে কাজ করতেন এবং শরীয়তপুরের ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। গাড়িতে আগুন দেওয়ার ছবি ও ভিডিও বিভিন্ন নেতার কাছে পাঠানোর তথ্যও পাওয়া গেছে বলে দাবি পল্লবী থানা পুলিশের।

দুই দিনে গ্রেপ্তার অন্তত ৫০

গত রোববার মিরপুর ১১ নম্বরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় মিরপুরের তিন থানায় চারটি মামলা করেছে পুলিশ। মামলাগুলোতে অন্তত ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা, ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সরকারি গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এসব মামলায় দুই দিনে থানা পুলিশ ও ডিবি অন্তত ৫০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে রোববার গ্রেপ্তার হওয়া ২৬ জনকে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে একই দাবিতে তৃতীয় দিনের মতো সোমবারও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। তবে পুলিশ তাদের সড়কে নামতে বাধা দেয়। দুই দফায় আন্দোলনকারীরা সড়কে নামার চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাচাই-বাছাই করে আরও কয়েকটি মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে দুষ্কৃতকারীরা রয়েছে। যারা আইন অমান্য করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এদিকে শ্রমিকদের আন্দোলনকে সামনে রেখে নাশকতার চেষ্টাকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

সোমবার সচিবালয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং দেশে অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছুদিন ধরে পতিত স্বৈরাচারের পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে সড়ক-মহাসড়কে আগুন জ্বালিয়ে ও অবরোধ সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। প্রকৃত শ্রমিক ও তাদের সংগঠনের নেতারা কখনোই নিজেদের কর্মসংস্থান বিনষ্ট হোক বা শিল্পকারখানায় অস্থিতিশীলতা তৈরি হোক, তা চান না।

তিনি আরও বলেন, সহিংসতা ও ষড়যন্ত্রের সঙ্গে জড়িত চিহ্নিত ইন্ধনদাতা এবং কয়েকজন শিল্পমালিককে ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। অডিও-ভিডিও প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ আজ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৯, মামলা ৫৭