মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বাধ্যতামূলক, বেড়েছে তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, ১০:৫০
অ- অ+

মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ নির্দেশনা বাস্তবায়নে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। সময়সীমা ঘনিয়ে আসায় রাজধানীতে মোটরসাইকেলের সামনের নম্বর প্লেট তৈরি ও লাগানোর তোড়জোড় বেড়েছে। এতে ব্যস্ততা বেড়েছে ধাতব নম্বর প্লেট তৈরির দোকানগুলোতেও।

রাজধানীর বিভিন্ন এলাকার দোকানে দেখা গেছে, বাড়তি চাহিদা সামাল দিতে দিন-রাত কাজ করছেন কারিগররা। এরপরও নির্ধারিত সময়ে গ্রাহকদের নম্বর প্লেট সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে অনেক দোকানিকে। ফলে কোথাও কোথাও প্লেট তৈরিতে আগের চেয়ে বেশি সময় লাগছে।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত মাপ ও নকশা অনুসরণ করে মোটরসাইকেলের মালিকদের নিজ উদ্যোগে সামনের নম্বর প্লেট তৈরি ও স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

শুরুতে সামনের নম্বর প্লেট বিআরটিএ সরবরাহ করবে, নাকি মালিকদের নিজ উদ্যোগে তৈরি করতে হবে, তা নিয়ে মোটরসাইকেল চালকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। পরে সংস্থাটির জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করা হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে রাজধানীর বংশাল, পল্টন, মগবাজার, ডেমরা, দোলাইপাড়, ধোলাইখাল ও শ্যামপুরসহ বিভিন্ন এলাকার ধাতব প্লেট তৈরির দোকানে বাড়ছে অর্ডার। সরাসরি দোকানে গিয়ে অর্ডার দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নম্বর প্লেট তৈরির প্রচার। অনলাইনভিত্তিক বিক্রেতারাও এ ব্যবসায় যুক্ত হয়েছেন।

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেক চালক। তাঁদের মতে, সামনে ও পেছনে নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকলে ট্রাফিক আইন লঙ্ঘনকারী এবং অপরাধে জড়িত মোটরসাইকেল শনাক্ত করা সহজ হবে। এতে সড়কে শৃঙ্খলা রক্ষা ও যানবাহন নজরদারিতে সুবিধা পাওয়া যেতে পারে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বর প্লেটের জন্য পৃথক মাপ নির্ধারণ করা হয়েছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার।

নির্দেশনা অনুযায়ী, উভয় ধরনের নম্বর প্লেট স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে। প্লেটের পটভূমি সাদা এবং অক্ষর ও সংখ্যা কালো রঙের বাংলা হরফে লিখতে হবে। অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। প্লেটে কোনো নকশা বা অতিরিক্ত সাজসজ্জা রাখা যাবে না।

সড়ক পরিবহন আইন, ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তিসংবলিত আলো প্রতিফলক নম্বর প্লেট থাকা বাধ্যতামূলক। এবার যানবাহন শনাক্তকরণ ও নজরদারি আরও জোরদার করতে সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের নির্দেশনা দিয়েছে বিআরটিএ।

১৫ নভেম্বরের সময়সীমা সামনে রেখে নম্বর প্লেট তৈরির দোকানগুলোতে কাজের চাপ বাড়ছে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা মেনে প্লেট লাগাতে তৎপর হচ্ছেন মোটরসাইকেল মালিকরা। এখন নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেটিই দেখার বিষয়।

(ঢাকাটাইমস/২১ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে
ফ্রান্সে বিক্ষোভ ঠেকাতে সেনা মোতায়েন, নিরাপত্তা ব্যর্থতা স্বীকার সরকারের
পাঁচ দফা দাবিতে রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, ওএসডি রাজশাহীর বিভাগীয় কমিশনার