জ্যোতিকা জ্যোতির গুগল ড্রাইভে ‘চব্বিশের বেঈমান’ তালিকা, ছিলেন যেসব তারকা

লিটন মাহমুদ, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:০৩
অ- অ+

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শোবিজ অঙ্গনের যেসব তারকা অংশ নিয়েছিলেন, তাদের নিয়ে ‘চব্বিশের বেঈমান’ নামে একটি তালিকা তৈরি করেছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তার মুঠোফোনের গুগল ড্রাইভে সংরক্ষিত ওই তালিকায় চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সৈয়দ জামান শাওন-মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ বেশ কয়েকজন পরিচিত তারকার নাম রয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ফেসবুক পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ জ্যোতিকা জ্যোতির গুগল ড্রাইভে সংরক্ষণ করা ছিল।

বুধবার রাতে রাজধানীর উত্তরার একটি সরকারি কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ।

জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের বিষয়ে ডিবির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইলিয়াস কবির ঢাকাটাইমসকে বলেন, ‘রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ডিবি গুলশান বিভাগে তদন্তাধীন এই মামলায় জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’ তবে রিমাণ্ড আবেদন করা হবে কি-না এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে গোয়েন্দারা।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে উত্তরার ১৮ নম্বর সেক্টরের সরকারি কোয়ার্টারে জ্যোতিকা জ্যোতির ফ্ল্যাটের সামনে অবস্থান নেন ডিবি সদস্যরা। তবে তিনি দরজা না খুলে পুলিশ সদস্যদের বিভিন্নভাবে বিভ্রান্তিতে ফেলেন। পরে রাত তিনটার পর তাকে আটক করতে সক্ষম হন তারা।

অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, আটকের আগে নিজের মুঠোফোন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য মুছে ফেলেন জ্যোতি। তবে তথ্য-প্রযুক্তির ব্যবহারে এর বেশকিছু ফিরিয়ে আনা হয়েছে। যারমধ্যে মুঠোফোনের গুগল ড্রাইভে ‘২৪'র বেঈমান’ নামে একটি ফাইল পাওয়া যায়। সেখানে জুলাই আন্দোলনের পক্ষে বিভিন্ন তারকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট, ছবি ও ভিডিও ফুটেজ সংরক্ষিত ছিল।

ওই ফাইলে গান বাংলার ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের ফেসবুক আইডিতে বাংলাদেশের মানচিত্র সংবলিত লাল প্রোফাইল ছবি, উপস্থাপক সোনিয়া রিফাতের পোস্ট, অভিনেত্রী দীপা খন্দকার ও বিজরী বরকতুল্লাহর ফেসবুক পোস্টের স্ক্রিনশট রয়েছে। এ ছাড়া বেশ কয়েকজন তারকার ফেসবুক আইডির স্ক্রিনশটও সংরক্ষণ ছিল।

তালিকায় আরও রয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, আয়মান সাদিক, মৌসুমী হামিদ, সুনেরাহ্ বিনতে কামাল, অভিনেতা সৈয়দ জামান শাওন, অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশারসহ শোবিজ অঙ্গনের পরিচিত কয়েকজন। জুলাই আন্দোলনে তাদের সম্পৃক্ততার বিভিন্ন তথ্য-উপাত্ত ও ডিজিটাল কনটেন্ট ওই গুগল ড্রাইভে সংরক্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্ট সূত্র।

গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে কান্না, করেন মেকআপ

পুলিশ বাসায় যাওয়ার পর একাধিকবার ফেসবুক লাইভে আসেন জ্যোতিকা জ্যোতি। লাইভে তাকে কান্নাকাটি করতে দেখা যায়। এ সময় তার বাসার দরজার সামনে কয়েকজন পুলিশ সদস্য অবস্থান করছিলেন।

লাইভে অভিনেত্রী দাবি করেন, পুলিশ কেন তার বাসায় এসেছে কিংবা তাকে কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। একপর্যায়ে তিনি বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতি আরও বলেন, তাকে ফোন করলে তিনি নিজেই থানা কিংবা ডিবি কার্যালয়ে যেতেন। তবে তার হাতে যেন হাতকড়া পরানো না হয়। তিনি পুলিশের সঙ্গে যেতে রাজি আছেন।

লাইভের শেষ দিকে নিজের গ্রেপ্তার নিশ্চিত বুঝতে পেরে মা-বাবাকে আশ্বস্ত করার চেষ্টা করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’ এ সময় লাইভে তাকে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মেকআপ করতেও দেখা যায়।

যে মামলায় গ্রেপ্তার জ্যোতিকা জ্যোতি

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি জ্যোতিকা জ্যোতি। মামলাটি বর্তমানে ডিবির গুলশান বিভাগে তদন্তাধীন। এ মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

২০২৫ সালের ২৯ এপ্রিল ঢাকার আদালতে এনামুল হক নামের এক ব্যক্তি মামলাটি করেন। এতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিসহ মোট ২৮৩ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

জ্যোতিকা জ্যোতি ছাড়াও মামলায় শোবিজ অঙ্গনের আরও ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে। তাদের মধ্যে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও নুসরাত ফারিয়া; অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা ও মেহের আফরোজ শাওন। এ ছাড়া চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান ও অভিনেতা আজিজুল হাকিমের নামও রয়েছে।

‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে বিতর্ক

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। ওই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরোধিতা করে বিভিন্ন প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে। এমনকি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শও এসেছিল গ্রুপের আলোচনায়। জ্যোতিকা জ্যোতি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন ছিলেন।

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। পরে যুবলীগের রাজনীতিতেও যুক্ত হন তিনি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী।

আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন জ্যোতি। তবে কোনোবারই দলীয় মনোনয়ন পাননি। এ ছাড়া সংরক্ষিত নারী আসনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সব কার্যালয় হবে শতভাগ তামাকমুক্ত
আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি
আইসিজেতে গণহত্যা মামলার শুনানি সরাসরি দেখছেন হাজারো রোহিঙ্গা
‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী