সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বলেছেন, বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার। এ ধরনের ঘটনাকে ‘মিসক্যারেজ অব জাস্টিস’ বা বিচারিক অবিচার বলেও আখ্যায়িত করেন তিনি। মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানিকালে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন।
আপিল শুনানিতে সর্বোচ্চ আদালতের বিচারপতিরা প্রশ্ন তোলেন, মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাত্র ১৩ বছর বয়সি একজন কিশোরকে কীভাবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। বয়স বিবেচনায় না নিয়ে এমন সাজা দেওয়ার বিষয়টি নিয়ে আপিল বিভাগে বিস্ময় ও প্রশ্ন উত্থাপিত হয়।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালের ২৬ জুলাই শেরপুরের নকলা উপজেলার চারজনের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
পরবর্তীতে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নকলার তিনজনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফে তারা এবং একেএম আকরাম হোসেন।
বর্তমানে কারাগারে থাকা এই তিন আসামি ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল দায়ের করেছেন, যার ওপর বর্তমানে শুনানি চলছে।
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













