দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধস, ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১০:২৬
অ- অ+

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের ধস নেমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই সারা দেশে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন বিক্রয়মূল্য নিচে তুলে ধরা হলো:

• ২২ ক্যারেট: ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

• ২১ ক্যারেট: ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা

• ১৮ ক্যারেট: ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা

• সনাতন পদ্ধতি: ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকা

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ (বদল) করার ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে ১২ শতাংশ এবং পারচেজ (বিক্রি) করার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৪০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৬৫ দফা, কমানো হয়েছে ৭৪ দফা এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন
উত্তরবঙ্গে জেঁকে বসেছে তীব্র শীত, তাপমাত্রা নামলো ১২.৫ ডিগ্রিতে
হত্যা, ভাঙচুরসহ ১৪ মামলার আসামি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ: পুলিশ