নিজের মাটি ও সংস্কৃতি বাদ দিলে সেরা সফটওয়্যারও অন্ধ

ধরুন দেশের এক প্রতিষ্ঠিত কোম্পানি লাখ টাকা খরচ করে পশ্চিমা এক এআই অ্যানালিটিক্স সফটওয়্যার বসাল। সপ্তাহ ঘুরতেই সফটওয়্যারটি লাল সংকেত দিল।
হিসাব কষে জানাল, মফস্বলের বেশ কিছু পুরোনো ডিলারকে পণ্য দেওয়া বন্ধ করতে হবে।
কারণ, তাদের কোনো ডিজিটাল ক্রেডিট স্কোর বা করপোরেট কাগজপত্র নেই।
সফটওয়্যারটি অংকে ভুল করেনি। ভুল ছিল আমাদের বোঝায়।পশ্চিমা সফটওয়্যার বানানো হয় এমন সমাজের জন্য, যেখানে সিদ্ধান্ত নেয় একা একজন মানুষ।
অথচ বাংলাদেশের বাজারে একটি সিদ্ধান্তের পেছনে কাজ করে পরিবারের মতামত, ধর্মীয় মূল্যবোধ, গ্রাম ও শহরের সম্পর্ক, অপ্রাতিষ্ঠানিক ব্যবসার অলিখিত নিয়ম এবং স্থানীয় মানুষের আবেগ।
যে ডিলারকে অ্যালগরিদম ঝুঁকিপূর্ণ বলছিল, খোঁজ নিয়ে দেখা গেল গত বিশ বছরে তার এক টাকাও বকেয়া পড়েনি। তার পুঁজি ব্যাংক ব্যালেন্স নয়, এলাকার মানুষের কাছে তার সম্মান।ঘটনাটির পর ওই বোর্ডরুমে নতুন নীতি তৈরি হলো: এআই দিয়ে পরিমাণগত বিশ্লেষণ বা সংখ্যার হিসাব চলবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তা অবশ্যই আমাদের নিজস্ব সাংস্কৃতিক ধারণা দিয়ে যাচাই করতে হবে।
অ্যালগরিদম আপনাকে ডেটা দেখাবে, কিন্তু মানুষের মনের সমীকরণ মেলাবে না। নিজের মাটি আর সংস্কৃতির পাঠ বাদ দিলে বিশ্বের সেরা সফটওয়্যারও শেষ পর্যন্ত অন্ধ।
আপনার কি মনে হয়? জানান আমাকে....
(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












