বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের গাড়িতে আগুন বিক্ষুব্ধ পোশাকশ্রমিকদের

বেতন বৃদ্ধির দাবিতে কয়েক সপ্তাহ ধরে চলা পোশাকশ্রমিকদের আন্দোলনে আবারও অশান্ত হয়ে উঠেছে গাজীপুর শিল্পাঞ্চল। আজ বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি সাদা রঙের গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন।
জানা গেছে, সকালে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, তিনি গাড়ি থেকে নামার পরপরই মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা আগে থেকেই টার্গেট করে রাখা তাঁর গাড়িতে আগুন ধরিয়ে দেন। তবে এই ঘটনায় তিনি নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













