দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, এর আগে সকাল সাড়ে ৯টার পর বস্তিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি, বারিধারা ফায়ার স্টেশন থেকে ২টি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরও ২টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রান্নার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে। বস্তির ঘরগুলো টিনশেডের হওয়ায় আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ নেয়। হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা ঘর থেকে কোনো মালামালই বের করতে পারেননি। ফলে আগুনে বস্তিবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












