গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে: জামায়াত আমির

গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বর নাশকতা ও অগ্নিসংযোগের পরিকল্পনার তথ্য রয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তায় সরকারের নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য আনা একটি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, গোপালগঞ্জে কয়েক দিন ধরে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মাইকে ঘোষণা দিয়ে থানা ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। অথচ পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃশ্যমান পদক্ষেপ তেমন দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সরকারের পদক্ষেপ জানতে চান তিনি।
জামায়াত আমির বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলায় কয়েক দিন ধরে অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পরিস্থিতির কারণে পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে। বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকেও পুলিশের সূত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমন ঘটনার কথা শুনেছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, এ বিষয়ে সরকারের দৃশ্যমান পদক্ষেপ বলতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার কথা জানা গেছে। এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা স্পষ্ট নয়।
গোপালগঞ্জের ভৌগোলিক গুরুত্ব তুলে ধরে শফিকুর রহমান বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ গোপালগঞ্জের ওপর দিয়ে। ফলে সেখানে অস্থিরতা চলতে থাকলে দেশের একটি অংশের যোগাযোগ ও স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, ১৯ নভেম্বর কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে—এমন ঘোষণার তথ্যও তাদের কাছে রয়েছে। তথ্যটি সরকারের কাছে না থাকলে তা ভালো। তবে এ ধরনের পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনার নিরাপত্তায় কী উদ্যোগ নেওয়া হয়েছে, তা জানতে চান তিনি।
এ বিষয়ে সংসদ ও দেশবাসীকে আশ্বস্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













