ঢাবি অধ্যাপকের দাবি
অবহেলায় পদত্যাগ করেছেন ওসমান ফারুক

বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কামরুল হাসান মামুন। তার দাবি, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অবহেলার কারণেই সংসদ সদস্য পদ ছেড়েছেন ওসমান ফারুক।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন ঢাবির এ অধ্যাপক।
পোস্টে কামরুল হাসান মামুন লেখেন, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক। বিএনপি তো বটেই, বাংলাদেশের রাজনীতিতেও তিনি একজন ব্যতিক্রমী শিক্ষিত ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
ওসমান ফারুকের কর্মজীবনের প্রসঙ্গ তুলে অধ্যাপক মামুন লেখেন, তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। আর তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছাড়েন।
বর্তমান সরকারের সমালোচনা করে পোস্টে তিনি আরও লেখেন, এই সরকারে শিক্ষাদীক্ষায় উঁচু মানের তেমন গুণী মানুষ পাওয়া যাবে না।
ওসমান ফারুকের পদত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করে কামরুল হাসান মামুন বলেন, পদত্যাগ করতেও সাহস লাগে, যা দেশের রাজনীতিবিদদের মধ্যে খুব একটা দেখা যায় না। বরং পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়া থেকে শুরু করে নানা অনৈতিক কাজ করেন অনেকে।
তবে তারেক রহমানের অবহেলার কারণে ওসমান ফারুক পদত্যাগ করেছেন বলে অধ্যাপক কামরুল হাসান মামুন যে দাবি করেছেন, সে বিষয়ে পোস্টে কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা ব্যাখ্যা দেননি তিনি।
এদিকে, মঙ্গলবার জাতীয় সংসদে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করেছেন তিনি। গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













