শ্রমিক আন্দোলন ঘিরে আনসারের শক্ত অবস্থান, গাজীপুরে যুক্ত হচ্ছে আরও ৮ প্লাটুন সদস্য

গাজীপুরের শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করতে নতুন করে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হচ্ছে। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত মোকাবিলায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সদস্যরা যুক্ত হলে জেলায় মোট ১৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।
মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে গত ৪ নভেম্বর থেকে গাজীপুরে ৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছেন। চলমান পরিস্থিতি মূল্যায়ন করে নিরাপত্তা কার্যক্রমের পরিধি বাড়ানোর অংশ হিসেবে নতুন করে আরও ৮ প্লাটুন সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসব সদস্য জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল, শিল্পকারখানা, প্রধান সড়ক-মহাসড়ক ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করবেন। সংঘবদ্ধ সহিংসতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের পাশাপাশি শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেবেন তারা।
এ ছাড়া সড়ক অবরোধ, যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনজীবনে বিঘ্ন ঘটানোর চেষ্টা মোকাবিলা করবেন আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে এর আগে নারায়ণগঞ্জে ৪ প্লাটুন এবং গোপালগঞ্জে ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টে দায়িত্ব পালন করছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













