বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর থেকে মহাসড়কের কয়েকটি স্থানে দফায় দফায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
দুপুর ১২টার দিকে গাজীপুর সদর উপজেলার মহাসড়কসংলগ্ন এলাকায় চারটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে বাঘেরবাজার, শিরিরচালা ও শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকাতেও বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের ধাওয়া দিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়। তবে বিভিন্ন স্থানে যানবাহনের চাপ থাকায় ধীরগতি দেখা দেয়।
এদিকে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস, নাওজোর, কোনাবাড়ী, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বাঘেরবাজার এলাকায় দায়িত্ব পালনরত শ্রীপুর
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভুঞা বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিভিন্ন কারখানার শ্রমিকরা অবরোধ করেছিলেন। তাদের তাৎক্ষণিকভাবে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কিছুটা ধীরগতি রয়েছে।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












