সোহেলের স্ত্রী স্বপ্না মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন যে কারণে

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার মামলায় মূল আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখলেও তার স্ত্রী স্বপ্না আক্তারকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। মূল অপরাধ অর্থাৎ ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার সরাসরি সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া আসামি সোহেল রানার দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিও সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত ছিল। শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে আদালত বলেন, এমন জঘন্য অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
অন্যদিকে স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার ব্যাখ্যায় আদালত বলেন, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ কিংবা হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য দেননি। মূল অপরাধে তার সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের জানান, গ্রেপ্তারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন এবং আদালত তা আমলে নিয়ে তার ফাঁসির আদেশ বহাল রেখেছেন। স্বপ্নার বিষয়ে তিনি বলেন, মামলার মূল অপরাধ ধর্ষণ ও হত্যা। এসব অপরাধে স্বপ্নার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি; তিনি কেবল স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। মূল অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।মামলার নথি অনুযায়ী, পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর ঘটনা আড়াল করতে গলা কেটে হত্যা করেন এবং মরদেহ খণ্ডিত করে জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি সেটি তার সন্তানের কণ্ঠ। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সারা দেশে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। পুলিশ প্রথমে স্বপ্না আক্তারকে এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে। গত ২১ মে সোহেল রানা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। সে সময় শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে রামিসার বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তারা দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
গত ১ জুন অভিযোগ গঠনের পর ২ জুন এক দিনেই ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন ট্রাইব্যুনাল সোহেল রানা ও স্বপ্না আক্তার—উভয়কে মৃত্যুদণ্ড দেন। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও জেল আপিল হাইকোর্টে এলে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি শেষে আজ এই রায় দেওয়া হলো।
রায় ঘোষণার আগে সকালে হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়ে রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা দ্রুত বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ায় সরকার ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদ জানান। আইনসংশ্লিষ্টদের মতে, স্বল্পতম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে এ মামলার বিচারপ্রক্রিয়া একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












