দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের চূড়ান্ত অনুমোদন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২
অ- অ+

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও চূড়ান্ত করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

নিকার সভার সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। পাশাপাশি বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ওই উপজেলার ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে।

জনসেবার মান বাড়াতে বগুড়া জেলার মোকামতলা উপজেলাধীন ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাধীন ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের প্রস্তাব অনুমোদন পেয়েছে।

দুই উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর

সভায় নবসৃষ্ট দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তরের স্থান পরিবর্তনেরও সিদ্ধান্ত নেওয়া হয়:

• চন্দ্রগঞ্জ উপজেলা (লক্ষ্মীপুর): সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে।

• বাঙ্গরা উপজেলা (কুমিল্লা): মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি নতুন পৌরসভা গঠন ও উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো উত্থাপন করেছিল স্থানীয় সরকার বিভাগ।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
যার যা প্রাপ্য সেটা চুকিয়ে দিন
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল-স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি চলছে
কৃষকদের ‘অশিক্ষিত-মূর্খ’ বললেন সংসদ সদস্য, এক্সপাঞ্জ করার পরামর্শ চিফ হুইপের