ডেঙ্গু ও হামে এক দিনে ১৬ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫১
অ- অ+

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ দুই রোগে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আটজন এবং হামের উপসর্গ নিয়ে আরও আটজন মারা গেছেন।

রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে।

নতুন করে আটজনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। অর্থাৎ মৃত্যুর সংখ্যা ৫০০ ছুঁইছুঁই।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে মারা গেছেন ৮০ জন। এর আগে অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা যান।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৮৭৩ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, বরিশালে ২০৯ জন, খুলনায় ১৯৩ জন, রাজশাহীতে ১৪০ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।

হামে এক দিনে আরও আটজনের মৃত্যু

অন্যদিকে, দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে ১ হাজার ৫৭২ জন রোগী শনাক্ত হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৪১৪ জন শনাক্ত হয়েছেন। আর ১৫৮ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৯ জন।

গত ১৫ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জনের মৃত্যু হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৫৯৫ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে ঢাকায় ছয়জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা আলাদা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ২০৯ হলেও নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার, এসআরবির অভিযানে যুবক গ্রেপ্তার
শীতলক্ষ্যা থেকে কোমর-পায়ে শিকল বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের দখলে গোপালগঞ্জ
সরানো হলো গোপালগঞ্জ-চুয়াডাঙ্গার ডিসি, ৩ জেলায় নতুন ডিসি