শীতলক্ষ্যা থেকে কোমর-পায়ে শিকল বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে কোমর ও পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে ওসমান গনি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর রবিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন বাশাইর ঘাট এলাকা থেকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত ওসমান গনি বাশাইর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে। বাবা-মা হারা এই যুবকের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরাধিকার সূত্রে পাওয়া পৈতৃক জমি দখল ও আত্মসাতের উদ্দেশ্যে প্রায় ১৫ দিন আগে ওসমানের ফুফা বাবুল হোসেন তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখেন এবং শারীরিক নির্যাতন চালান। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বাবুল হোসেনের নিযুক্ত এক ব্যক্তি লাঠি নিয়ে ওসমানকে তাড়া করেন। এসময় প্রাণভয়ে দৌড়ে গিয়ে শিকল পরা অবস্থাতেই শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেন তিনি। এরপর থেকেই ওসমান নিখোঁজ ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, নদীতে ঝাঁপ দেওয়ার পর ফুফা বা পরিবারের পক্ষ থেকে তাকে উদ্ধারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফুফা বাবুল হোসেন দাবি করেন, ওসমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এলাকার মানুষদের বিরক্ত করতেন। নিরাপত্তার স্বার্থেই তাকে শিকল দিয়ে রাখা হয়েছিল। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি পালিয়ে যেতেন বলে জানান তিনি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ অনুপ কুমার সিংহ জানান, শনিবার বিকেল থেকে নদীতে তল্লাশি চালানো হলেও ওসমানের সন্ধান মেলেনি। রবিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান হয়। দুপুরে বাশাইর ঘাট এলাকা থেকে শিকলে বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামীম শেখ মরদেহের কোমর ও পায়ে লোহার শিকল থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও নির্যাতনের যে অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
থানার পরিদর্শক (অপারেশন) মো. ইকবাল হোসেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











