রমজান সামনে রেখে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৪৯
অ- অ+

আসন্ন পবিত্র রমজান মাসে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব পণ্য আমদানিতে শুল্ক ও করভার কমিয়েছে সরকার।

খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে, মাল্টা ও আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রস্তাবটি উত্থাপন করে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে। আগে এ পণ্যের আমদানি শুল্ক ছিল ২৫ শতাংশ।

এ ছাড়া মাল্টা ও আপেল আমদানিতে কমানো করহার আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

সিদ্ধান্ত অনুযায়ী, এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তের লক্ষ্য রমজান মাসে এসব ফলের আমদানি বাড়ানো, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
এসপিকে বদলির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার
সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে, নতুন দায়িত্বে শামসুল হক
২ জেলার এসপি পদে রদবদল