যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৭
অ- অ+

যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের শীর্ষ সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত হয়েছেন। সংগঠনটির পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তিনি ‘আবু মাহমুদ’ নামেও পরিচিত ছিলেন। খবর আল জাজিরা’র।

সামির আবু ইউনুসের আগে রাফাহ ব্রিগেডের নেতৃত্বে ছিলেন নায়েল আবু ওবেইদ। ‘আবু আতিয়া’ নামে পরিচিত ওই কমান্ডার ২০২৬ সালের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত হন। তাঁর মৃত্যুর পরই রাফাহ ব্রিগেডের দায়িত্ব নিয়েছিলেন সামির আবু ইউনুস।

এর আগে গত বৃহস্পতিবার গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, ওই অভিযানে হামাসের খান ইউনুস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া আরও কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে স্থানীয় সূত্রমতে, ওই হামলায় একজন চিকিৎসক ও এক শিশুসহ ছয়জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

হাসপাতালে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একে স্পষ্ট ‘যুদ্ধাপরাধ’ বলে আখ্যা দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরায়েল যে বক্তব্য দিচ্ছে, তা বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ ধরনের চিকিৎসাকেন্দ্র সব সময় সুরক্ষিত থাকার কথা। এর আগে দেওয়া এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করে বলেছিল, ‘দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী দেশগুলো ও যুক্তরাষ্ট্রের প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, আলোচনায় দ্রব্যমূল্য ও পোশাকশিল্প
ব্রাহ্মণবাড়িয়ার সুষম উন্নয়নে প্রয়োজন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ
বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
৩০০ টাকায় মিলছে ১০ কেজি চাল, স্বস্তিতে পোশাকশ্রমিকেরা