১৫০ বছর বাঁচতে চান পুতিন, গবেষণায় নামানো হলো ৭ হাজার বানর!

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা জানতে বড় ধরনের গবেষণা শুরু করেছে রাশিয়া। এ গবেষণায় ব্যবহার করা হচ্ছে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর। বার্ধক্যের প্রক্রিয়া বোঝা এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজে বের করাই এ উদ্যোগের লক্ষ্য। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহের মধ্যেই দেশটিতে এ গবেষণা নতুন করে আলোচনায় এসেছে।
রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক পুতিনের ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে গবেষণাটি করছে।
সম্প্রতি মস্কোয় আয়োজিত কুরচাতভ জিনোম ফোরামে গবেষণার বিস্তারিত তুলে ধরেন মিখাইল কোভালচুক। তিনি জানান, তাদের প্রজননকেন্দ্রে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরগুলোর ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। এসব বানরের রক্তনালি, মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরীক্ষা করা হচ্ছে।
গবেষণার অংশ হিসেবে দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংগ্রহ ও সংরক্ষণ করে বিশেষ নমুনা ব্যাংক তৈরি করা হচ্ছে। এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং বয়স বাড়ার সঙ্গে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা বোঝার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
পেত্রোভস্কি সার্জারি গবেষণাকেন্দ্রের পরিচালক কনস্তানতিন কাতেনকো জানিয়েছেন, দীর্ঘজীবী প্রাইমেটদের রক্তের নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের কার্যপ্রণালি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা হয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সেখানে তারা মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
ওই কথোপকথনে পুতিন জীবপ্রযুক্তির উন্নতির মাধ্যমে মানুষের অঙ্গ প্রতিস্থাপন করে আয়ু বাড়ানোর সম্ভাবনার কথা বলেন। এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন তারা। সি চিন পিংও চলতি শতাব্দীতে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন।
এরপর ২০২৫ সালের নভেম্বরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক অনুষ্ঠানে পুতিন আবারও মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা বলেন। তার এসব বক্তব্যের পর রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা নিয়ে আগ্রহ বাড়ে।
তবে রাশিয়ার গবেষণা শুধু বানরের রক্তের নমুনা সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের বার্ধক্য ধীর করতে জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদন নিয়েও কাজ চলছে।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভরোন্তসোভা এবং মিখাইল কোভালচুকের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ রাশিয়ার রাষ্ট্রীয় গবেষণার অগ্রাধিকার নির্ধারণেও প্রভাব ফেলছে।
তবে বিজ্ঞানীদের মতে, বানরের শরীরে বার্ধক্যের প্রক্রিয়া নিয়ে গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ক্ষেত্রে সহায়ক হতে পারে। কিন্তু বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি তুলনা করা যায় না। দীর্ঘজীবী বানরের রক্ত বা অঙ্গ বিশ্লেষণ করলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, এমন নিশ্চয়তা নেই।
মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো কিংবা অমরত্ব অর্জনের ধারণার পক্ষেও এখন পর্যন্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি। ফলে সাত হাজারের বেশি বানর নিয়ে রাশিয়ার এ গবেষণা কৌতূহল তৈরি করলেও এর বাস্তব ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময়।
সূত্র: ফার্স্ট পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নাল।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













