ভারতে আরও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ জাকির নায়েক

ইসলামি আলোচক জাকির নায়েকের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারত সরকার। একই সঙ্গে তার প্রতিষ্ঠিত সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপরও নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর আইআরএফের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়ানো হয়েছিল। এবার নতুন করে আরও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো।
২০১৬ সালে প্রথমবারের মতো জাকির নায়েক ও তার সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত সরকার। এরপর থেকে ভারতের বাইরে অবস্থান করছেন তিনি। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ও জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পক্ষ থেকেও তাকে খোঁজা হচ্ছে।
জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। ২০২০ সাল থেকে ভারতে তার বক্তব্য প্রচার ও দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
২০১৭ সাল থেকে মালয়েশিয়ায় অবস্থান করছেন জাকির নায়েক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













