অষ্টম শ্রেণিও পাস করেননি, স্মার্টফোন হাতে সাংবাদিক বনে যাচ্ছেন অনেকে; সংসদে উদ্বেগ

স্মার্টফোন হাতে নিয়েই অনেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাদের কারও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাও নেই। কেউ কেউ অষ্টম শ্রেণিও পাস করেননি। এমন ব্যক্তিদের সাংবাদিক পরিচয়ে অপপ্রচারের কারণে প্রকৃত সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এ বিষয়ে কথা বলেন নোয়াখালী-২ আসনের এমপি।
ফারুক বলেন, অনেকে স্মার্টফোন ব্যবহার করে নিজেদের সাংবাদিক পরিচয় দিচ্ছেন। তাদের কেউ কেউ ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন। এতে প্রকৃত সাংবাদিকদের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ সময় এ ধরনের ব্যক্তিদের তালিকা তৈরি এবং সাংবাদিকতার জন্য নীতিমালা প্রণয়নের বিষয়টি সংসদে তুলে ধরেন তিনি।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকৃত সাংবাদিকদের চিহ্নিত করা এবং সাংবাদিকতার মান উন্নয়নে সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করছে মন্ত্রণালয়।
তিনি জানান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতায় সরকার বিশ্বাস করে। কারা সাংবাদিক হবেন, সে বিষয়ে সরকার একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে চায় না। এ বিষয়ে সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাব ও পরামর্শ নেওয়া হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












