‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৮:৩০
অ- অ+

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনো জবাব প্রত্যাশা করেন না বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে প্রশ্নোত্তর পর্বের আগে এ বিষয়ে কথা বলতে চাইলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ প্রথমে তাকে অপেক্ষা করতে বলেন।

এ সময় কথা বলার সুযোগ না পেলে সংসদে না থাকার কথাও জানান নাহিদ ইসলাম।

নাহিদ কথা বলতে দাঁড়ালে স্পিকার বলেন, ‘প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’

জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘না, মাননীয় স্পিকার\! প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’

এ সময় স্পিকার বলেন, ‘এই আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি। আপনার বলার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, যিনি জবাব দেবেন বা কিছু করার...।’

জবাবে নাহিদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা তো জানি আমরা। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’

পরে স্পিকার তাকে বক্তব্য দেওয়ার অনুমতি দিলে নাহিদ আবারও বলেন, ‘আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না।’

এ সময় স্পিকার বক্তব্য চালিয়ে যেতে বললে নাহিদ বলেন, ‘অন্তত আমাদের কথা বলতে যদি দেন, তাহলে থাকি, না হলে থাকব না।’ জবাবে স্পিকার জানান, তার মাইক চালু রয়েছে।

চারটি পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ

সংসদে বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, বুধবার রাতে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তার অভিযোগ, রাত আনুমানিক ১২টার দিকে বাড়িটিতে চারটি পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বাড়িতে থাকা গবাদিপশুও আগুনে আক্রান্ত হয়ে মারা গেছে।

নাহিদ বলেন, ঘটনার পর তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রল বোমা হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিজে এসপির সঙ্গে কথা বলেছি। দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে বলে দেন, সেখানে পেট্রোল বোমা মারা হয়নি, তা আমার জানা নেই।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। তাদের প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট।

তিনি বলেন, এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না।

এ অবস্থায় একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।

নিরাপত্তা নিশ্চিতের দাবি

নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকার তাদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করা উচিত। নিরাপত্তা দিতে না পারলে সেটিও জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার অভিযোগ তুলে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেন এনসিপির আহ্বায়ক।

প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্পিকারের

নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিরোধীদলীয় চিফ হুইপের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর অপরাধ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথা জানান স্পিকার।

তিনি বলেন, ‘এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫২
সহকর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
পেছাল কুবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়, শুরু ১০ ডিসেম্বর
টেকনাফে প্রায় ১০ লাখ পিস ইয়াবাসহ দুজন আটক