রাজশাহীতে কোচিং সেন্টারের অর্ধকোটি টাকা নারী সার্জেন্টের অ্যাকাউন্টে

রাজশাহী ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১৬:৫২
অ- অ+

একটি নার্সিং কোচিং সেন্টারের ব্যাংক হিসাবে নগদ জমা হয়েছিল ৫০ লাখ টাকা। এরপরই ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যক্তিগত ব্যাংক হিসাবে। কেন বিপুল পরিমাণ এই অর্থ কোচিং সেন্টার থেকে তাকে দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কোনো ব্যাখা দিতে চাননি সার্জেন্ট।

এই সার্জেন্টের নাম সাবিহা আক্তার। কোচিং সেন্টারটির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলছেন, অন্য একজনের টাকা তিনি নিজের প্রতিষ্ঠানের হিসাবের মাধ্যমে সার্জেন্টকে দিয়েছেন। বিষয়টি আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানলেও ঘটনাটি ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

ব্যাংক হিসাবের বিবরণী অনুযায়ী, নিউরন নার্সিং কোচিং সেন্টার নামে পরিচালিত এক্সিম ব্যাংকের একটি হিসাবে ২০২২ সালের ৩০ আগস্ট নগদ ৫০ লাখ টাকা জমা হয়। একই দিন ওই হিসাব থেকে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয় সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যক্তিগত ব্যাংক হিসাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের হিসাবে নগদ জমা হওয়ার পর এ অর্থ চলে যায় ট্রাফিক সার্জেন্টের সদস্যের ব্যক্তিগত হিসাবে।

প্রশ্ন উঠেছে, একজন পুলিশ সার্জেন্টের ব্যক্তিগত হিসাবে এত বিপুল পরিমাণ অর্থ কেন একটি বেসরকারি কোচিং সেন্টারের ব্যাংক হিসাব ব্যবহার করে পাঠানো হলো? ওই অর্থের প্রকৃত মালিক কে, আর কেনই-বা সার্জেন্ট সাবিহা তার কাছ থেকে সরাসরি টাকা নেননি?

নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সার্জেন্ট সাবিহাকে টাকা দেওয়ার সময় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।

ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে সার্জেন্ট সাবিহা আক্তার প্রথমে বিষয়টিকে তাঁর ব্যক্তিগত ব্যাংক লেনদেন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ টাকার উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’

সোমবার (৯ নভেম্বর) দুপুরে আরএমপির ট্রাফিক অফিসে ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আনোয়ার হোসেনের কক্ষে তাঁর সামনেই এসব কথা বলেন সার্জেন্ট সাবিহা। এদিকে পরদিন মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরের লক্ষ্মীপুর ঝাউতলা মোড়ে সাইফুল ইসলামের সঙ্গে দেখা করতে যান তিনি। সেখানে একটি ডেন্টাল কেয়ারের সামনে দুজনকে মুখোমুখি বসে কথা বলতে দেখা যায়। ওই সময় সার্জেন্ট সাবিহা পুলিশের ইউনিফর্ম পরা ছিলেন।

অর্থের উৎস নিয়ে সার্জেন্টের বক্তব্যের পর একই বিষয়ে জানতে চাওয়া হয় নিউরন নার্সিং কোচিং সেন্টারের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলামের কাছে। প্রথমে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি। পরে জানান, ওই টাকা তাঁর নিজের ছিল না। অন্য একজনের কাছ থেকে পাওয়া নগদ অর্থ তিনি নিজের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিয়ে সার্জেন্টের হিসাবে পাঠিয়েছেন।

সাইফুল ইসলাম বলেন, ‘আসলে সার্জেন্ট সাবিহা অন্য একজনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। কিন্তু সে সরাসরি তার কাছ থেকে টাকাটা নিতে চায়নি। এ জন্য ওই ব্যক্তি আমাকে নগদ টাকা দেয়। আমি সেটা আমার ব্যাংক হিসাবে নিয়ে সাবিহার হিসাবে ট্রান্সফার করে দিয়েছি। এখন উপকার করতে গিয়ে আমিই বিপদে। নানা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।’

একজন সরকারি কর্মচারীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে এত বড় অঙ্কের অর্থ জমা হওয়ার বিষয়টি তাঁর বৈধ আয় ও আর্থিক লেনদেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহী জেলার সভাপতি আহমেদ সফিউদ্দিন।

তিনি বলেন, ‘ট্রাফিক বিভাগে দুর্নীতি হয় এটা সবার জানা কথা। ওপর মহল থেকে নিচের মহল- সবাই কোনো না কোনোভাবে সুবিধাভোগী হয়। কাজেই আয়ের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ লেনদেন থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন।’

এ বিষয়ে আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার (ডিবি) উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সার্জেন্ট সাবিহার ব্যক্তিগত হিসাবে টাকা এলে সেটি তার ব্যক্তিগত বিষয়। কেউ অভিযোগ দিলে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর অর্থনৈতিক বিষয়টা দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নিবে।

ট্রাফিক বিভাগের একজন প্রধান আছেন, তিনি বিষয়টি জানেন কি না তা আমার জানা নেই। তবে আমাদের কাছে কোনো অভিযোগ না এলে আমরা কারও ব্যক্তিগত ব্যাংক হিসাবের লেনদেন নিয়ে আমরা তদন্ত করি না।’

(ঢাকা টাইমস/১২নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
মোদীকে প্রশ্ন করা নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল
বাড়িতে হামলার আগে আওয়ামী লীগ নেতাদের হুমকি পেয়েছেন নুসরাত
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী