জন্মনিয়ন্ত্রণে ৯৬ কোটি টাকার খাবার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় প্রায় ১ কোটি ৯৪ লাখ সাইকেল জন্মনিয়ন্ত্রণ খাবার বড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস থেকে তৃতীয় প্রজন্মের এই খাবার বড়ি কেনা হবে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি কেনা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া শেষে সুপারিশকৃত দরদাতা হিসেবে পপুলার ফার্মাসিউটিক্যালসকে এই কার্যাদেশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনা শেষে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি তা অনুমোদনের জন্য সুপারিশ করে।
(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










