শিরোনাম :

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি নির্ধারণ, অতিরিক্ত আদায় করলে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ১২:১৭
অ- অ+

আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এলাকাভিত্তিক সর্বোচ্চ ফি নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’-এ এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালা অনুযায়ী, মফস্বল এলাকায় সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা পৌর এলাকায় সর্বোচ্চ ১ হাজার, জেলা সদর পৌর এলাকায় ২ হাজার এবং ঢাকা মহানগরী ছাড়া অন্যান্য মহানগর এলাকায় সর্বোচ্চ ৩ হাজার টাকা নেওয়া যাবে।

এ ছাড়া ঢাকা মহানগরীর এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানে উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতা বাবদ সর্বোচ্চ ৮ হাজার টাকা নেওয়া যাবে। ঢাকা মহানগরীর ইংরেজি সংস্করণের শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ১০ হাজার টাকা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানে উন্নয়ন খাতে ৩ হাজার টাকার বেশি আদায় করা যাবে না।

নীতিমালায় একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে ভর্তির বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো শিক্ষার্থী একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উন্নীত হলে তার কাছ থেকে শুধু বার্ষিক সেশন চার্জ নেওয়া যাবে। কোনো অবস্থাতেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না।

নির্ধারিত সীমার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও বাতিলসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নতুন ভর্তি নীতিমালা যথাযথভাবে বাস্তবায়িত হলে ভর্তি মৌসুমে অভিভাবকদের অতিরিক্ত আর্থিক চাপ কমবে। পাশাপাশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফি আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে।

এর আগে গত ১৩ অক্টোবর সরকারি স্কুলে শিক্ষার্থীদের নীতিমালা প্রকাশ করেছিল শিক্ষা মন্ত্রণালয়।

নীতিমালার তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর তালিকা প্রস্তুত করার পাশাপাশি সমসংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমাণ তালিকাও প্রস্তুত রাখতে হবে। নির্বাচিত শিক্ষার্থী নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি না হলে অপেক্ষমাণ তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।

এ ছাড়া দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অষ্টম শ্রেণি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে।

ভর্তি পরীক্ষার নম্বরবণ্টন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালায় আরও বলা হয়, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষার পূর্ণমান ৫০ নম্বর। এর মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫ ও গণিতে ২০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে এক ঘণ্টা। এ ছাড়া চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত পূর্ণমান ১০০ নম্বর। এর মধ্যে বাংলা ৩০, ইংরেজি ৩০ ও গণিতে ৪০ নম্বর থাকবে। ভর্তি পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে ৬ বছর বা তার বেশি তবে অবশ্যই ৭ বছরের কম হতে হবে (জন্মতারিখ ০১-০১-২০২০ থেকে ৩১-১২-২০২০ পর্যন্ত)। শিক্ষার্থীর বয়স নির্ধারণের জন্য ভর্তির আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে।

কবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা নেওয়া হবে, সেই তারিখ এখনও চূড়ান্ত করেনি শিক্ষা মন্ত্রণালয়। তবে একই ক্যাচমেন্ট এলাকার ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের সুবিধার্থে ভর্তি পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট থানা-উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে পরামর্শক্রমে নির্ধারণ করবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

যেসব পদ্ধতিতে ভর্তি

নীতিমালায় বলা হয়, ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট অ্যারিয়ার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে। অবশিষ্ট আসনগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে;

একই শিক্ষাপ্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ক্যাচমেন্ট অ্যারিয়ার ৪০ শতাংশ কোটা প্রযোজ্য হবে না। একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান একই ক্যাচমেন্ট অ্যারিয়ায় অবস্থিত হলে শিক্ষার্থীরা যেকোনো প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে পারবে।

অনলাইনে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২৫০ টাকা গ্রহণ করা যাবে।

এ ছাড়া ভর্তির আবেদন ফরমের জন্য ঢাকা মেট্রোপলিটনসহ এমপিওভুক্ত, আংশিক এমপিওভুক্ত এবং এমপিও-বহির্ভূত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন ফরমের জন্য সর্বোচ্চ ২০০ টাকা গ্রহণ করা যাবে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবন ধস, শিশুসহ নিহত ২ ও আহত ১৭
দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২২১৬ টাকা
‘শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না’, ফেসবুক পোস্টে এনসিপি নেত্রী মাহমুদা মিতু
এনসিপির সাংসদ নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ