বারিধারায় কার সঙ্গে বৈঠক করেছিলেন? জামায়াত আমিরকে জুলকারনাইন সায়েরের প্রশ্ন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৬, ০১:০৮
অ- অ+

জাতীয় সংসদে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের জবাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতের বৈঠক বা বসার ইতিহাস নেই। এ বক্তব্যের পর সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুর রহমানকে প্রশ্ন করেছেন, গত ১৬ সেপ্টেম্বর বারিধারায় জামায়াতের দুই শীর্ষ নেতা কার সঙ্গে বৈঠক করেছিলেন?

বুধবার রাত ৮টা ১০ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রশ্ন তোলেন সায়ের। পোস্টে তিনি জামায়াত আমিরের কাছে ১৬ সেপ্টেম্বরের একটি বৈঠকের বিষয়ে জানতে চান।

ফেসবুক পোস্টে সায়ের লেখেন, ‘শফিক সাহেব, চলুন হয়ে যাক স্মৃতিশক্তির একটা ছোট্ট পরীক্ষা! ১৬ সেপ্টেম্বর ২০২৬ (বুধবার), দুপুর ১১টা ৫০ থেকে ১২টা ৫০—সেক্রেটারি জেনারেল পরওয়ার আর সহকারী সেক্রেটারি জেনারেল মাসুম সেদিন বারিধারার ১ নম্বরে কার দরবারে হাজিরা দিয়েছিলেন?’

ওই ব্যক্তির পরিচয় প্রসঙ্গে সায়ের লেখেন, তাঁর ভিজিটিং কার্ডে ‘কূটনীতিক’ লেখা থাকলেও কার্ডের নিচে কী লেখা ছিল, তা শফিকুর রহমানের ভালো জানার কথা।

পোস্টে গাড়ি পরিবর্তনের প্রসঙ্গও তোলেন এই সাংবাদিক। তিনি লেখেন, ‘হঠাৎ গাড়ি বদলের শখ জাগল কেন? বাশার সাহেবের গাড়ি থেকে নেমে সোজা উবার চালক বাবুল সাহেবের গাড়িতে! গাড়ির তেল ফুরিয়েছিল নাকি গ্যাস, নাকি এসি নষ্ট হয়েছিল?’

একই পোস্টে তিনি বিষয়টি নিয়ে আরও কয়েকটি প্রশ্ন করেন এবং ব্যঙ্গাত্মক মন্তব্য করেন।

এর আগে বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে চলমান উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসবেন কেন? তাঁরা একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, যাঁরা তাঁদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলছেন, তাঁদের নিজেদের অতীত কর্মকাণ্ডও আয়নায় দেখা উচিত। তাঁর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশে-বিদেশে বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন এবং অতীতে দলের নীতিগত অবস্থান ভুল ছিল বলে প্রকাশ্যে স্বীকার করেছেন।

সংসদে ডা. শফিকুর রহমানের বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিক জুলকারনাইন সায়ের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; এর মধ্যে খুন হলো ১৩ বছরের বাক্‌প্রতিবন্ধী সন্তান
সস্ত্রীক তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ধানমন্ডিতে আসিফ নজরুলের মুঠোফোন ছিনতাই