গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হয়ে আর ফিরে না আসা ব্যক্তিদের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন চিফ প্রসিকিউটর। এদিন গুমের বিচারপ্রক্রিয়ার অগ্রগতি জানতে তাঁর সঙ্গে দেখা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
তদন্তের অগ্রগতি তুলে ধরে মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে প্রায় ২৫০টি গুমের অভিযোগ এসেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিটি পরিবার ধরে ধরে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা যাচাই-বাছাই করে আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এ সময় মানবাধিকার সংগঠন মায়ের ডাকের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের বিচার নিশ্চিত করতে বর্তমানে থাকা দুটি ট্রাইব্যুনাল যথেষ্ট নয়। এ জন্য আরও ট্রাইব্যুনাল প্রয়োজন।
গুমের শিকার ব্যক্তিদের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
এর আগে গত ২৫ আগস্ট সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন। ওই সময় গুমের অভিযোগগুলোর তদন্ত ও বিচার রাজনৈতিক বিবেচনায় না করার অনুরোধ জানিয়েছিলেন মায়ের ডাকের এই সমন্বয়ক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













