আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সংবাদ সম্মেলন, হাইকোর্টের রুল

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া প্রেস ব্রিফিং কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
বুধবার বিচারপতি মো. বশির উল্লাহ ও বিচারপতি মো. হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে দুদককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে আদালত জানতে চেয়েছেন, অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’ বলে দুদকের দেওয়া বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদ এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১-এর লঙ্ঘন কি না। এ কারণে সংশ্লিষ্ট প্রেস ব্রিফিংগুলো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া কোনো অনুসন্ধান বা তদন্ত চলমান থাকা অবস্থায় নাগরিকের সুনাম ও মর্যাদার অধিকার ক্ষুণ্ন হয়—এমন সংবাদ সম্মেলন করা থেকে দুদককে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুল দিয়েছেন আদালত।
আসিফ মাহমুদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার ইউসুফ আলী, জহিরুল ইসলাম মুসা, মুস্তাফিজুর রহমান, মুহা. এরশাদুল বারী খন্দকার ও মোস্তফা আসগর শরীফীসহ ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের আইনজীবীরা।
গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ আসিফ মাহমুদ হাইকোর্টে রিটটি করেন। রিটে বলা হয়, অনুসন্ধান শেষ হওয়ার আগেই দুদক অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়ার কথা জানায়। পরে আরও কিছু অপ্রমাণিত অভিযোগ জনসমক্ষে তুলে ধরার মাধ্যমে তাঁর সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত মর্যাদা ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।
রিটে আরও বলা হয়, দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ অনুসন্ধান করা দুদকের দায়িত্ব। তবে অনুসন্ধানাধীন অভিযোগ নিয়ে আগাম সিদ্ধান্তমূলক বক্তব্য দিয়ে কাউকে জনসমক্ষে অপরাধী হিসেবে উপস্থাপনের এখতিয়ার সংস্থাটির নেই। এ ধরনের বক্তব্য সংবিধানের ৩১ অনুচ্ছেদে সুরক্ষিত নাগরিকের মর্যাদা ও সুনামের অধিকার এবং ন্যায়বিচারের নীতির পরিপন্থী।
আসিফ মাহমুদের মতে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা প্রয়োগ সংবিধান ও আইনের সীমার মধ্যে থাকা জরুরি। অভিযোগের অনুসন্ধান ও অপরাধ প্রমাণের মধ্যে আইনি পার্থক্য বজায় রাখাও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্ব।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













