ঢাবিতে ককটেল বিস্ফোরণ: কর্মচারী সাময়িক বরখাস্ত, নিরাপত্তায় ৬ প্রবেশপথে চেকপোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা-প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় টিএসসি ও মেট্রোরেল স্টেশন এলাকাসহ ক্যাম্পাসের অন্তত ৭-৮টি গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় ৩ সন্দেহভাজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন শিক্ষার্থীরা। একের পর এক বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসের সামগ্রিক নিরাপত্তা নিয়ে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নিরাপত্তা নিশ্চিত করতে সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
নিরাপত্তা চেকপোস্ট: বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে কড়া নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে।
টহল ও নজরদারি: ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানোর পাশাপাশি বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার করা হবে।
পরিচয়পত্র বাধ্যতামূলক: বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
সিসিটিভি মনিটরিং: বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা এবং সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।(ঢাকাটাইমস/১১ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













