ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৩
অ- অ+

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আগে জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু করবে বিশ্ববিদ্যালয়গুলো। পরীক্ষার তারিখ নির্ধারণে পারস্পরিক সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, ‘এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় কম। ২০২৫ সালে সাত লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হলেও এবার এ সংখ্যা ছয় লাখের কিছু বেশি। পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন করায় অনেক শিক্ষার্থী প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এসব শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।’

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার তারিখে যেন সংঘাত তৈরি না হয়, সে বিষয়ে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।’

ভর্তি পরীক্ষার কার্যক্রমে ধারাবাহিক সমন্বয় নিশ্চিত করতে একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠনের প্রস্তাবও সভায় আলোচনা হয়েছে। প্রস্তাবিত কমিটিতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। কমিটি সারা বছর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম ও সময়সূচি সমন্বয়ে কাজ করবে। আগামী বছর থেকে আরও পরিকল্পিতভাবে আগাম ভর্তি কার্যক্রম শুরু করা যায় কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।

ভর্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতি প্রসঙ্গে অধ্যাপক মামুন আহমেদ বলেন, ‘চলতি শিক্ষাবর্ষে গত বছরের মতোই বহুনির্বাচনি প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউর পাশাপাশি বিষয়ভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। শুধু মুখস্থনির্ভর জ্ঞান নয়, শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতা, বিশ্লেষণী ক্ষমতা ও সমস্যা সমাধানের যোগ্যতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়গুলোর মতামত ও প্রস্তুতি বিবেচনায় এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণে জিপিএর বিষয়টিও যথাযথভাবে বিবেচনার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে বলে জানান ইউজিসি চেয়ারম্যান। এ বছর এইচএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং উচ্চশিক্ষায় বিদ্যমান আসনসংখ্যা বিবেচনায় নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে আয়োজন করা হলেও বিশ্ববিদ্যালয়গুলোর নিয়মিত একাডেমিক কার্যক্রম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। এ ক্ষেত্রে ইউজিসি প্রয়োজনীয় সহযোগিতা করবে।’

সভায় উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ ও আসনসংখ্যার বিষয়টিও আলোচনায় আসে। দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য প্রায় ৬৩ হাজার আসন রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসন রয়েছে ১০ লাখের বেশি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন রয়েছে চার লাখের বেশি।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ও নিজস্ব আইনগত ক্ষমতার প্রতি শ্রদ্ধা রেখেই ভর্তি কার্যক্রমে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ আইন ও বিধিবিধান অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। ইউজিসি সহযোগিতা ও সমন্বয়ের ভূমিকা পালন করবে। কোনও সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপিয়ে দেওয়া হবে না।’

(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও বাড়ল স্বর্ণের দাম
গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
মদিনার প্রবীণ তাবলিগ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল