মদিনার প্রবীণ তাবলিগ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:৩৫
অ- অ+

পবিত্র মদিনা মুনাওয়ারার বাসিন্দা ও তাবলিগ জামাতের আন্তর্জাতিক পর্যায়ের প্রবীণ মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন সম্মানিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। বিশ্ব তাবলিগের শীর্ষস্থানীয় আলেম মাওলানা এনামুল হাসান (রহ.), মাওলানা জুবাইরুল হাসান (রহ.) এবং মাওলানা ইবরাহিম দেওলার (হাফি.) সান্নিধ্যে থেকে দীর্ঘদিন তাদের খেদমত করেছেন। পাশাপাশি বিশ্বব্যাপী দ্বীনের দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

জানা যায়, প্রায় পাঁচ দশক আগে উচ্চশিক্ষার জন্য শেখ গাসসান ও তার সফরসঙ্গী শেখ ফাদিল যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে পড়াশোনার সময় তারা তাবলিগের কাজের সঙ্গে যুক্ত হন। উত্তর আমেরিকায় বসবাসরত আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতি কার্যক্রম শুরু করেন তারা।

পড়াশোনা শেষ করে দেশে ফেরার পর শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় এবং শেখ ফাদিল জেদ্দায় দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন।

আহলে বাইতের সদস্য হওয়ায় আরব বিশ্বের বিশিষ্ট মাশায়েখ ও প্রশাসনিক মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। এই সম্পর্ক কাজে লাগিয়ে তিনি আরবের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতেন।

মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর পাকিস্তানের শীর্ষ তাবলিগ মুরব্বি হাজী আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর দিকনির্দেশনায় তাঁরা কাজ পরিচালনা করতেন।

২০১৬-১৭ সালের দিকে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ সংকট নিরসনেও ভূমিকা রাখেন শেখ গাসসান। পাকিস্তানের শীর্ষ মুরব্বিদের নির্দেশনায় তিনি ও শেখ ফাদিল ভারতের নিজামুদ্দিন মারকাজে গিয়ে মাওলানা সাদ কান্ধলভীর সঙ্গে আলোচনা করেন। এ সময় ভুলত্রুটি সংশোধন ও তাবলিগের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালান তারা।

বাংলাদেশের তাবলিগ জামাতের সঙ্গেও শেখ গাসসানের দীর্ঘদিনের আত্মিক সম্পর্ক ছিল। প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন তিনি। এ দেশের আলেম ও তাবলিগের সাথিদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

এর আগে ২০২০ সালে ইন্দোনেশিয়া সফরে থাকাকালে তার দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ ফাদিল করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

শেখ গাসসানের ইন্তেকালে বিশ্ব তাবলিগ জামাতের সঙ্গে সংশ্লিষ্ট আলেম, মুরব্বি ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনায় দোয়া করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল
হৃদয়ের মহাকাব্যিক ইনিংস, তবু সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত