পদ্মার পাড়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ নভেম্বর ২০২৬, ১৬:০৩
অ- অ+

ফরিদপুর শহরতলির ধলার মোড় এলাকায় পদ্মার পাড়ে ঘুরতে আসা এক তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণ ও সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে ৮ যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায়ে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের জেলা কারাগারে নেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— শাহীন শেখ (২৭), জয় শেখ (৩০), রহিম মোল্লা (২৯), মনির শেখ (৩১), হৃদয় খান (২৬), ইলিয়াস শিকদার (৩৩), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৮)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের ধলার মোড় ও আশপাশের এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর এক ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা করতে ও ঘুরতে ওই তরুণী পদ্মার পাড়ে যান। তবে তার বন্ধু সেখানে পৌঁছানোর আগেই তিনি একা নদী পার হয়ে পদ্মার ওপারে ঘুরতে থাকেন। এ সময় ওই আট যুবক তাকে একা পেয়ে কাশবনে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং ঘটনার ভিডিও ধারণ করেন। প্রায় ৮ মাস পর ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ প্রথমে শাহীন শেখকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ২০২০ সালের ৫ আগস্ট ফরিদপুর কোতোয়ালি থানায় গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে গণধর্ষণের মামলা করেন।

মামলাটি তদন্ত করেন ফরিদপুর ডিবির উপপরিদর্শক (এসআই) আইয়ুব আলী। তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জানুয়ারি এজাহারভুক্ত ৭ আসামির সঙ্গে রিয়াজ শিকদারকে যুক্ত করে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন তিনি।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। কোনো সভ্য সমাজে এ জাতীয় কোনো ঘটনা মেনে নেওয়া যায় না। রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কের মাধ্যমে আসামিদের সর্বোচ্চ শাস্তি দিয়েছে।

তিনি বলেন, আমরা এ রায়ে সন্তুষ্ট। এর মাধ্যমে সমাজে এই বার্তা দেওয়া যায় যে অপরাধী যত কৌশলী কিংবা ধূর্ত হন না কেন তাদের পার পাওয়ার কোনো উপায় নেই।

(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত
চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব