কুমিল্লায় আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রামে ১০, চান্দিনায় ৭ জন, বুড়িচংয়ে ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ৫ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে ৪ জন, মনোহরগঞ্জে ২ জন, নাঙ্গলকোটে ৪ জন, দাউদকান্দিতে ২ জন, তিতাসে ১ জন, হোমনায় ৩ জন, মেঘনায় ২ জন, দেবিদ্বারে ২ জন, মুরাদনগরে ১ জন, বাঙ্গরাবাজারয় ৪ জন, লালমাইতে ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখায় ২ জন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত একযোগে কুমিল্লার ১৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সর্বমোট ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এদের সবাইকে পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
(ঢাকা টাইমস/৯নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












