তেঁতুলিয়ায় তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের তীব্রতা

কার্তিকের শেষপ্রান্তে এসে উত্তরের জনপদে বইতে শুরু করেছে হিমেল হাওয়া। ভোরের হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস আর সন্ধ্যা নামতেই তাপমাত্রার দ্রুত পতন—সব মিলিয়ে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
ভৌগোলিক কারণে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার কাছাকাছি অবস্থানের ফলে পঞ্চগড়ে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা আগেই শীতের প্রভাব অনুভূত হয়। অক্টোবরের শেষভাগ থেকেই এ অঞ্চলে শীতের আমেজ শুরু হলেও, নভেম্বর জুড়েই মূলত তাপমাত্রা দ্রুত কমতে থাকে।
দিনের বেলায় কড়া রোদের কারণে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত শীতের তীব্রতা ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে ভোরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া দিনমজুর, চা ও পাথরশ্রমিক, ভ্যানচালকসহ কৃষকদের কাছে শীতের উপস্থিতি এখন স্পষ্ট। সকালের ঠান্ডা বাতাসে অনেককেই গায়ে চাদর বা গরম কাপড় জড়িয়ে কাজে যেতে দেখা গেছে। স্থানীয় অটোভ্যানচালক তরিকুল ইসলাম জানান, "সকালে ভ্যান নিয়ে বের হলে এখন বেশ ঠান্ডা লাগে। বিশেষ করে ভোরে চলাচলের সময় হিমেল বাতাস সরাসরি শরীরে লাগে। তবে দিনের বেলায় রোদ উঠলে আবার গরম অনুভূত হয়।" একইভাবে চা শ্রমিক আবদুল খালেক বলেন, "ভোরে চা-বাগানে কাজ করতে গেলে এখন চাদর কিংবা গরম কাপড় জড়িয়ে বের হতে হচ্ছে।"
স্থানীয় বাসিন্দারা জানান, রাত গভীর হওয়ার পর থেকে ভোর পর্যন্ত কাঁথা-কম্বল ব্যবহার করতে হচ্ছে এবং অনেকেই ইতিমধ্যে শীতের পূর্ণ প্রস্তুতি নিতে শুরু করেছেন।
শীতের এই আগমনী বার্তায় বদলে যেতে শুরু করেছে স্থানীয় বাজারের চিত্র। বিভিন্ন মোড়ে ও অলিগলিতে বসতে শুরু করেছে মৌসুমি পিঠার দোকান। সন্ধ্যা নামতেই ভাপা, চিতই ও পাকান পিঠার ঘ্রাণে মুখর হয়ে উঠছে চারপাশ। শীতের আমেজ উপভোগ করতে এসব দোকানে ভিড় করছেন নানা বয়সী মানুষ।
এদিকে দিন ও রাতের তাপমাত্রার আকস্মিক পার্থক্য এবং আবহাওয়ার দ্রুত পরিবর্তনের কারণে স্থানীয় শিশু ও বয়স্কদের মধ্যে স্বাস্থ্যঝুঁকি দেখা দিয়েছে। ঘরে ঘরে সর্দি-কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো শীতকালীন রোগের প্রকোপ বাড়ছে। আক্রান্তদের অনেকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকেরা এই পরিস্থিতিতে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়া এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। আবহাওয়াবিদদের মতে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা আরও হ্রাস পাবে এবং উত্তরের এই জনপদে শীতের তীব্রতা আরও প্রকট আকার ধারণ করতে পারে।
(ঢাকাটাইমস/০৯ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













