কাল বসছে সংসদের চতুর্থ অধিবেশন, ধূমপানমুক্ত ঘোষণা সংসদ চত্বর

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার। বিকাল ৪টায় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
একই সঙ্গে জাতীয় সংসদ ভবন ও সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে কার্য উপদেষ্টা কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
রবিবার বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে। আগামী ১৮ নভেম্বর অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রয়োজনে অধিবেশনের সময়সীমা ও কার্যদিবসে পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে উত্থাপনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল জমা পড়েছে। এ ছাড়া তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর থেকে নতুন অধিবেশন শুরুর আগপর্যন্ত জারি করা হয়েছে তিনটি অধ্যাদেশ।
অধ্যাদেশ তিনটি হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬। সোমবার অধিবেশনের প্রথম বৈঠকেই এগুলো সংসদে উত্থাপন করা হবে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ইতিমধ্যে তিনটি অধ্যাদেশ ও একটি বিল সংসদে এসেছে। সামনে আরও দু-একটি বিল আসতে পারে। প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সংসদ সদস্যদের মধ্যে অধ্যাদেশ ও বিলের কপি বিতরণ করা হয়েছে।
এবারের অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর জন্য মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে।
এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ জমা পড়েছে।
বৈঠকে সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল জানান, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে সৌরবিদ্যুৎ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
অধিবেশন চলাকালে সংসদ ভবনে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। উৎপাদিত বিদ্যুৎ দিয়ে এই চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। প্রধানমন্ত্রী এ প্রকল্পে বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও রাখার নির্দেশনা দিয়েছেন।
এদিকে সংসদ ভবনের সাউন্ড সিস্টেমের কাজও প্রায় শেষ পর্যায়ে। সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া বৈঠকে জানান, সোমবার বিকেলে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, এলপিজির মূল্যবৃদ্ধি এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়।
কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












