পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের স্থলাভিষিক্ত হলেন।
সালাহউদ্দিন নোমানকে দেশের ২৯তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসাদ আলম সিয়ামের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সালাহউদ্দিন নোমানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।
২০২৫ সালের ২০ জুন থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়াম দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন।
অন্যদিকে সালাহউদ্দিন নোমান ২০২৫ সালের জানুয়ারি থেকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্ব দেওয়ার আগে সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে ফিরিয়ে আনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক জাপান সফরেও তার সঙ্গে ছিলেন এই কূটনীতিক।
সালাহউদ্দিন নোমান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৮ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন তিনি। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধির দায়িত্ব পাওয়ার আগে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
দীর্ঘ কূটনৈতিক জীবনে দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













