পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৬ ডিগ্রিতে

দেশজুড়ে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন ঘটলেও উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে এবার বেশ আগেই জেঁকে বসতে শুরু করেছে শীত। সকালবেলার ঘন কুয়াশা, শিশিরভেজা ঘাস আর হিমেল বাতাসে পুরোপুরি শীতের আমেজ বইছে এই জেলায়। আজ রবিবার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত কয়েক দিন ধরেই এই অঞ্চলে তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকালে সর্বনিম্ন ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ডের পাশাপাশি বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। এর আগে গতকাল শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এখন সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা দ্রুত কমতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা এতটাই বাড়ে যে সবাইকে কম্বল ও ভারী কাঁথা ব্যবহার করতে হচ্ছে। ভোরবেলা চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
হঠাৎ ঠান্ডা ও হিমেল বাতাসের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন মোটরসাইকেল আরোহী, রিকশাচালক ও ভোরে কাজের সন্ধানে বের হওয়া দিনমজুর ও পাথর শ্রমিকরা। তীব্র শীতের কারণে সকালে ও রাতে বাইরে বের হতে সবাইকে জ্যাকেট ও সোয়েটারসহ গরম কাপড় ব্যবহার করতে হচ্ছে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা আরও পর্যায়ক্রমে কমবে, যার ফলে পঞ্চগড় ও সংলগ্ন উত্তর সীমান্ত এলাকায় শীতের অনুভূতি আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












