ভোলার মেঘনায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির বিশাল কাতলা, বিক্রি ১৭ হাজারে

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতলা মাছ। আজ শনিবার সকালে মাছটি ভোলার ইলিশা চরডারমাথা মাছঘাটে আনা হলে নিলামে ১৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়।
জানা গেছে, গতকাল ভোরে মেহেন্দীগঞ্জ এলাকার জেলে হানিফ মাঝি মেঘনা নদীতে জাল ফেলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে জাল টানতেই এই বিশাল কাতলাটি উঠে আসে। সকাল সাড়ে আটটার দিকে মাছটি বিক্রির জন্য ইলিশা চরডারমাথা ঘাটে আনা হলে আড়তদার প্রতিষ্ঠান ‘জামাল কোম্পানি’র মো. জামালউদ্দিন নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন। পরে কাতলাটি ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
জেলে হানিফ মাঝি আনন্দের অনুভূতি প্রকাশ করে বলেন, "ভোরে জাল তোলার পর বড় কাতলাটির সাথে কয়েকটি পোয়া ও ছোট ইলিশ ধরা পড়ে। সব মাছ বিক্রি করে আজ প্রায় ২১ হাজার টাকা পেয়েছি, যার মধ্যে শুধু কাতলা মাছটির দামই উঠেছে ১৭ হাজার ৫০০ টাকা।"
ইলিশা মাছঘাটের ব্যবসায়ী শাহাবুদ্দিন ফরাজি জানান, মেঘনায় এত বড় কাতলা মাছ এখন আর সচরাচর দেখা যায় না। মাছটি ঘাটে আসার পর তা একনজর দেখতে স্থানীয় উৎসুক মানুষ ভিড় জমান।
ভোলা জেলা মৎস্য অধিদপ্তরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, ধরা পড়া কাতলাটির বয়স আনুমানিক ৭ থেকে ৯ বছর হতে পারে। তিনি বলেন, "নদীতে ইলিশের আকালের এই সময়ে এমন বড় মাছ ধরা পড়া জেলে পরিবারের জন্য অনেক আনন্দের। প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, অবমুক্তকরণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে নদীতে এমন বড় দেশীয় মাছের সংখ্যা আরও বাড়বে।"(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













