বিপুল নেতা-কর্মী নিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় এস এ সিদ্দিক সাজু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে অংশ নিয়েছেন ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী এস এ সিদ্দিক সাজু।
শনিবার রাজধানীর নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত আয়োজিত এ শোভাযাত্রায় তিনি তার অনুসারীদের নিয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অংশ নেন।
এস এ সিদ্দিক সাজু দারুস সালাম থানা বিএনপির সাবেক আহ্বায়ক। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
শনিবার বিকাল ৩টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। তাদের সঙ্গে শোভাযাত্রায় যোগ দেন এস এ সিদ্দিক সাজু ও তাঁর কর্মী-সমর্থকেরা।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে কাকরাইল, হেয়ার রোড, মিন্টো রোড, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। প্রায় সাত কিলোমিটার পথ নেতা-কর্মীদের সঙ্গে হেঁটে অতিক্রম করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে রাজধানীর সড়কগুলো।
দীর্ঘ ২১ বছর পর আবারও রাজপথের শোভাযাত্রায় অংশ নেন তারেক রহমান। ২০০৫ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় দলের তৎকালীন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। এবার বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী হিসেবে শোভাযাত্রায় নেতৃত্ব দেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













