মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান ইশরাকের

মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক এবং সামাজিক ও ধর্মীয় নেতাদের নিয়ে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেছেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম যথেষ্ট নয়, এ জন্য কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক হোসেন এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, মাদক নিয়ন্ত্রণে কাজ করা সরকারি সংস্থাগুলোর প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম ও প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা জরুরি। দেশের জনমিতিক সুবিধা কাজে লাগাতে হলে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে।
মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক সমস্যা সমাধান করা সম্ভব নয়। বিশেষ করে ছিন্নমূল ও অসহায় মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও দৈনন্দিন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এতে আরও বক্তব্য দেন ড. এম এ মোহিত কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান ফারুক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী।
সেমিনারে ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থীরা অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













