৪৪০ হুতি যোদ্ধা ও ১৩২ সামরিক যান নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেন বাহিনীর

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ৪৪০ জন যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ এবং ১৩২টি সামরিক যান, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস কিংবা অকেজো করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী।
ইয়েমেনের সরকারি সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সূত্র আলজাজিরা।
দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনী ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামের চলমান অভিযানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০টি হামলা চালিয়েছে।
কর্নেল মাজেদ আবদুল্লাহর দাবি, অভিযানে হুতিদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি তাদের সামরিক সক্ষমতা দুর্বল করতে বেশ কিছু যানবাহন, সাঁজোয়া ইউনিট ও ভারী অস্ত্র ধ্বংস বা অকার্যকর করা হয়েছে।
দেশটির রাজধানী সানা ও হুতিদের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য এলাকা পুনরুদ্ধারের লক্ষ্যে গত ৫ অক্টোবর সামরিক অভিযান শুরু করে সরকারি বাহিনী। তবে এক মাসে বড় ধরনের অগ্রগতির পরিবর্তে সংঘাত এখন দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে।
(ঢাকাটাইমস/৬নভেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











