শিরোনাম :

পাইপলাইন থেকে তেল নেয় মাটির নিচে ট্যাঙ্কে, ৪ হাজার ২৯২ লিটার লোপাট

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৫
অ- অ+

জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন ছিদ্র করে তেল নিয়ে জমা করা হয় মাটির নিচে ট্যাঙ্কে। এভাবে অবৈধ সংযোগ স্থাপনের মাধ্যমে গত দুই দিনে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি করেছে একটি সংঘবদ্ধ চক্র।

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়িসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মাধবপুর থানায় সাবেক এক ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছে গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেড (জিটিসিএল)।

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর রাত ১টার দিকে কনডেনসেট চুরির ঘটনা শনাক্ত করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। পরে অনুসন্ধানে পাইপলাইন ছিদ্র করে হোসপাইপের মাধ্যমে কনডেনসেট চুরির বিষয়টি ধরা পড়ে।

ঘটনার সময় পাইপলাইনের কাছে পাঁচ থেকে ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি নিরাপত্তাকর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেন।

খবর পেয়ে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামসু উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় কনডেনসেট চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ, দুটি বলভালভসহ অন্যান্য সরঞ্জাম।

এ ছাড়া সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে কনডেনসেট সংরক্ষণের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ অপকর্মের সঙ্গে জড়িত বলে তাদের অভিযোগ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি হয়েছে। চুরি হওয়া কনডেনসেটের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৬নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলা, চট্টগ্রাম ও নরসিংদীতে হচ্ছে নতুন তিন সার কারখানা
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানাতে মহাকাশ শক্তি হয়ে উঠছে ইরান: মার্কিন ডিআইএ
৪৪০ হুতি যোদ্ধা ও ১৩২ সামরিক যান নিষ্ক্রিয় করার দাবি ইয়েমেন বাহিনীর